সারাদেশ ২ নভেম্বর, ২০২০ ১০:৩১

রাজশাহীতে কোটি টাকার নকল সিগারেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর এসএ পরিবহন থেকে বিভিন্ন ব্যান্ডের এক কোটি ৩৫ লাখ টাকার নকল সিগারেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এসএ পরিবহনের ম্যানেজার লিটন সুত্রধর ও কাভার্ডভ্যান চালক নবাব আলীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর কুমারপাড়ায় এসএ পরিবহনের বুকিং কক্ষে রাখা একটি পিকআপভ্যানের ভেতর থেকে নকল সিগারেটগুলো উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু আহম্মেদ আল মামুন  জানান, এস.এ পরিবহনের রাজশাহী শাখার বুকিং কক্ষে বিপুল পরিমাণ নকল সিগারেট মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ওই কক্ষে রাখা একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের মূল্যে আনুমানিক প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে।