সারাদেশ ৫ নভেম্বর, ২০২০ ০৫:১৫

সুনামগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার  ৩০০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে তাদের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ  এসব বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মো.তানজিল হক, ম্যানিটরিং কমিটির সদস্য সুবিমল চক্রবর্তী প্রমুখ।

হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, স্মার্ট সাদাছড়ি বিতরণ শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, প্রতিবন্ধী বলে কাউকে অবহেলা-অযত্ন করা যাবে না। মনে রাখতে হবে প্রতিবন্ধীরাও মানুষ, তারাও সমাজের একটি অংশ। তাই আসুন আমরা প্রতিবন্ধীদেরকে অবহেলা না করে তাদের ভালবাসি।