সারাদেশ ২৬ আগস্ট, ২০১৯ ০২:৫৩

সাগরে সক্রিয় লঘুচাপে বাড়তে পারে বৃষ্টি 

ডেস্ক রিপোর্ট ।। 

বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থানে আছে মৌসুমি বায়ু। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে মাঝারি আকারে অবস্থান করায় দেশে বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

আরো পড়ুন: পৌর মেয়রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

এ কারণে সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের আভাস থাকলেও পাহাড় ধসের কোনো শঙ্কা দেখছে না আবহাওয়া অধিদফতর।

আগামী দু’দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে ও আর পাঁচদিনে বৃষ্টিপাতের কার্যকারিতা বাড়বে।