সারাদেশ ২০ নভেম্বর, ২০২০ ০৩:৪১

পল্টনে বাসে আগুনের ‘মূলহোতা’ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে বাসে আগুনের ঘটনার মূলহোতাসহ তিনজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিসিটিভি ফুটেজ দেখে অগ্নিসংযোগকারী তিনজনকে শনাক্ত করা হয়।

এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে নয়াপল্টনে বাসে আগুন দেয়ার ঘটনায় মুলহোতাসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে গ্রেপ্তারের স্বার্থে আপাতত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নয়াপল্টনে, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল ও ভাটারায় নয়টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে তিনটি সরকারি।