নিজস্ব প্রতিবেদক
নিজে চলেন অন্যের সাহায্য নিয়ে তবুও উদারতার পরিচয় দিলেন খুলনার খালেক হাওলাদার। দীর্ঘদিনের ভিক্ষা করে জমানো ২০ হাজার ৫শ টাকা দিয়েছেন মসজিদ নির্মাণ করতে। তাঁর দেওয়া এই অর্থ দিয়ে মসজিদের জন্য ৫০ বস্তা সিমেন্ট কেনার কথা জানায় মসজিদ কমিটি।
এদিকে একজন ভিক্ষুকের জমানো টাকা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এর আগেও খালেক হাওলাদার স্থানীয় ছানিয়াতুল জামে মসজিদের জন্য ২০ হাজার টাকা দান করেছিলেন।
দানশীল এই ভিক্ষুক খালেক হাওলাদার জানান, তিনি এক সময় ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। সে সময় তার স্ত্রী মারা যান। স্ত্রীকে হারিয়ে খালেক মানসিকভাবে ভেঙে পড়েন। শোকে অসুস্থ হয়ে স্বাভাবিক চলাচলের শক্তি হারিয়ে ফেলেন। সেই থেকে ক্রাচে ভর করে চলাচল করে বিভিন্ন এলাকায় ভিক্ষা করে চলছেন। ঘর-বাড়ি না থাকায় রাস্তার পাশে গায়ে পলিথিন পেঁচিয়ে ঘুমান।
মসজিদ কমিটির সভাপতি মো. শামীমুর রহমান শামীম বলেন, 'ভিক্ষুক খালেক তার ক্ষুদ্র দান দিয়ে সবার চোখ খুলে দিলো। এটি একটি অনন্য দৃষ্টান্ত।'




















