সারাদেশ ৪ ডিসেম্বর, ২০২০ ০৪:৫৪

কটিয়াদীতে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি মৎস্য খামারের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মাহতাব উদ্দিন মাতু (৫৫) কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের নিমক পুরুড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটা মৎস্য খামারের নৈশ প্রহরী ছিলেন মাহতাব। গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ রেল লাইনের পাশে ফেলে রাখে। খবর পেয়ে আজ শুক্রবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে, প্রাথমিক অবস্থায় জানা যায়নি। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।