ডেস্ক রিপোর্ট
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঠাকুরগাঁওয়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর রাতে জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে।
পুলিশ ও বিজিবি জানায়, উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনার উদ্দেশে ভারতে ঢোকার চেষ্টা করছিল নাজির, রবিউল ও তাদের সঙ্গীরা। এ সময় ভারতের ফুলবাড়ি সীমান্তের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হয় তারা।
সঙ্গীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিজ বাড়িতে ফেরত আসে। পরে পরিবারের সদস্যরা তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী ছোট কলোনী গ্রামের আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মদের ছেলে নাজির উদ্দিন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।





















