সারাদেশ ১০ ডিসেম্বর, ২০২০ ০৮:১৮

নির্বাচনী সহিংসতায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

উপ-নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় যশোরের বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে খালেদুর রহমান টিটো (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর কর্মী ছিলেন।

গতকাল বুধবার রাতে দুই গ্রুপের সহিংসতায় গুরুতর আহত হন তিনি। আজ সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) দিলু পাটোয়ারীর কর্মী সমর্থকরা জোহরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে নৌকা প্রতীকের সমর্থকদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় টিটো। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় রেফার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখনো কোন মামলা না হলেও পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।