নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে নেমে এসেছে একটি বন্যহাতি। হাতিটি ভোরে খাবারের সন্ধানে এলেও সকালে মানুষের নজরে আসে। হাতিটি শুধু এদিক সেদিক ছুটতে থাকে।
সেখানকার উৎসুক লোকজন হাতিটির পিছু নেয়। এদিকে হাতির আক্রমণে মর্তুজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আজ শুক্রবার ভোরে বিএমচর ইউনিয়নের বাঁশখাইল্লাপাড়ার লোকালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলছুট বন্যহাতিটি ভোর থেকে এ গ্রাম থেকে ওই গ্রামে ছুটে চলে। আর হাতির পিছু নেয় উৎসুক জনতা।
এদিকে বন্যহাতি লোকালয়ে নেমে আসার খবর পেয়ে বনবিভাগ, সাফারি পার্ক কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে হাতিটিকে নির্দিষ্ট আবাসস্থলে ফেরানোর তৎপরতা শুরু করেন।
এ ব্যাপারে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে এসে দলছুট হয়। হাতিটিকে নির্দিষ্ট আবাসে ফেরাতে এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পহরচাঁদা পাহাড়ে পৌঁছে দেয়া হয়।
চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী ধারণা করছেন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে দলবদ্ধ হাতি ধান খেতে চলে আসে লোকালয়ে। ভোর হওয়ার আগে অন্য হাতিগুলো নির্দিষ্ট আবাসে ফিরে গেলেও দলছুট হয় ওই হাতিটি।


















