নিজস্ব প্রতিবেদক
টঙ্গীর আরজু ম্যানশন এলাকা থেকে নাজমুল হাসান শামীম (২৩) নামের এক যুবককে চন্দন কাঠ চোরাচালানের সাথে যুক্ত থাকায় আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এসময় তার কাছ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৩৮৪ কেজি রক্ত চন্দন কাঠ উদ্ধার করে র্যাব।
গতকাল শনিবার রাতে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার, মুশফিকুর রহমান তুষার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টায় টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার আরজু ম্যানশনের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে চোরাচালানকারী চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে ৩৮৪ কেজি ওজনের ৩৪টি রক্ত চন্দন কাঠ জব্দ করা হয়। ওই জব্দ করা কাঠের বাজার মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো জানান, আসামি পেশায় একজন ট্রাক ড্রাইভার। ট্রাক চালনোর পাশাপাশি সে চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িয় পড়ে। এই চক্রটি দীর্ঘদিন যাবত চোলাচালানের মাধ্যমে বিদেশ থেকে রক্ত চন্দন কাঠ অবৈধ পথে দেশে নিয়ে আসে এবং অসাধু ব্যবসায়ীদের কাছে উচ্চমূল্যে বিক্রয় করে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















