সারাদেশ ২২ ডিসেম্বর, ২০২০ ১০:০৩

আদি রূপে ফিরবে পানাম নগর

ডেস্ক রিপোর্ট

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞরা পানাম নগরের আদি রূপ ফিরিয়ে আনতে সংস্কার সংরক্ষণের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ১৩ নম্বর ভবনটি সংষ্কারের কাজ শুরু করেছে

পাইলটিং কাজটি সফল হলে এবং প্রত্নতত্ত্ববিদরা এটিকে আদর্শ হিসাবে বিবেচনা করলে পর্যায়ক্রমে অন্যান্য ভবনও সংস্কার-সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে প্রায় মিটার প্রশস্ত ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দু'পাশে মনোরম স্থাপনা নিয়ে পানাম নগর গড়ে ওঠেছিল। পানাম নগরীর রাস্তার দু'পাশে মুখোমুখি দ্বিতল ত্রিতল বিশিষ্ট মোট ৫২টি ইমারত রয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে পানাম সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে।

পানাম নগরের গবেষণামূলক পাইলটিং কাজটি বাস্তবায়নের লক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ছয় সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করেছে। কমিটির সদস্যদের সুপারিশ এবং সরাসরি তত্ত্বাবধানে পানাম নগরে পাইলটিং কাজটি সম্পন্ন করা হচ্ছে।

ভবনটিতে প্রাথমিক কাজ হিসেবে ইতোমধ্যে ডিজিটাল ড্রইং ডকুমেন্টেশন, লোড বেয়ারিং ক্যাপাসিটি টেস্ট, এরিয়াল সার্ভে, প্লিন্থ লেবেল খননের কাজ শেষ হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আয়োজিত 'পানাম নগরের ১৩ নম্বর ভবনের গবেষণামূলক পাইলটিং কাজ' উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

পাইলটিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ এশিয়া-প্যাসিফিক ইউনিভার্সিটির ডিন অধ্যাপক আবু সাইদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায়।