সারাদেশ ২৭ ডিসেম্বর, ২০২০ ১০:২৫

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

নিজস্ব প্রতিবেদক

নওগাঁয় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতের তীব্র দাপট। আজ রোববার সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে।সকাল ৯টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

ওই অফিসের কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, বর্তমানে জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এরকম আবহাওয়া আরও কয়েকদিন থাকবে।

এদিকে প্রচন্ড শীতে মানুষ জবুথবু হয়ে পড়েছে।দিনের বেলায় সূর্য দেখা গেলেও তাপ নেই। আকাশ পরিষ্কার থাকলেও রাতের বেলায় কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় মানুষজন কাহিল হয়ে পড়েছে। রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে গেছে। সন্ধ্যার পরপরই মানুষজন দ্রুত ঘরে ফিরছে। কাজের অভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী দিনমজুর।

ছিন্নমূল পথশিশুসহ অসহায় দুস্থ মানুষের গরম কাপড়ের অভাবে অনেককে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে এ পর্যন্ত ৪৭ হাজার কম্বল ও নগদ ৬ লাখ ৬৬ হাজার টাকা শীত নিবারণের জন্য বিতরণ করেছেন। তবে চাহিদার তুলনায় এসব অনেক অপ্রতুল। অসহায় শীতার্তদের বাচাঁতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। 

এছাড়া শীতজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে। জেলার প্রতিটি হাসপাতালে শীতজনিত রোগী ভর্তি সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ এলাহী জানিয়েছেন।