ডেস্ক রিপোর্ট।।
ঠাকুরগাঁওয়ের সীমান্ত থেকে পুনরায় দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি হলেন- আব্দুল হাকিম (৩২) ও আবু সাঈদ আলী (৩০)।
শনিবার (৩১ আগস্ট) ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যান ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। তাদের মধ্যে আব্দুল হাকিম উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী গ্রামের মো. আলমের ছেলে এবং আবু সাঈদ আলী দুলিয়াভিটা গ্রামের তফিজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন আবদুল হাকিম ও আবু সাঈদ আলী। এ সময় তাদের ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আটক করে।
এ বিষয়ে রবিবার (১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী জানান, আটককৃতরা চোরাকারবারি। ভারত থেকে ফেনসিডিল আনায় বিএসএফ তাদের আটক করেছে।





















