সারাদেশ ১৪ জানুয়ারি, ২০২১ ১০:৪৬

সিলেটে মাটিচাপায় প্রাণ হারালো দিনমজুর

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটতে গিয়ে মাটিচাপা পড়ে মোস্তফা আহমদ (৩২) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় উপজেলার লক্ষনাবন্দ ইউপির পূর্ব ফুলসাইন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা পূর্ব ফুলসাইন্দ এলাকার ময়নুল মিয়ার ছেলে।

নিহতের ভাই কালাম আহমদ জানান, গতকাল বুধবার সকালে পূর্ব ফুলসাইন্দ গ্রামের রাজমিস্ত্রি রেজাউল ও খয়রুন নেছা নামে জনৈক মহিলার মালিকানাধীন টিলাতে ট্রলির সহযোগী হিসেবে মাটি কাটতে যান মোস্তফা। মাটি কাটার সময় হঠাৎ টিলা ধ্বসে পড়লে তিনি মাটির নিচে চাপা পড়ে মারা যান।

খবর পেয়ে গোলাপগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।