নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার আলোচিত যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলার অন্যতম আসামি মেহেদী হাসানকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানার শ্রীবল্লভপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মেহেদী শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে। জিল্লুর হত্যা মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। এ মামলায় আগাম জামিনের মেয়ার শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ শুক্রবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, মেহেদী একজন সন্ত্রাসী। জিল্লুর হত্যা ছাড়াও অন্য একটি মামলায় পরোয়ানাভুক্ত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ১১ নভেম্বর নগরীর চৌয়ারা এলাকায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী। আলোচিত এ মামলা প্রথমে তদন্ত করে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। এরপর গত ২ ডিসেম্বর থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় কুমিল্লা পিবিআই।





















