সারাদেশ ৭ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৩৮

দাসিয়ারছড়া বিলুপ্ত ছিটমহলের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের ফুলবাগী উপজেলার সদর ইউনিয়নের অভ্যন্তরের দেশের সর্ববৃহৎ বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার শিক্ষিত বেকার যুব-যুবতীরা মেধা ভিত্তিক কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায়  দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় অংশ গ্রহনকারীরা ‘বাঁচার মত বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চাই’ শ্লোগানে বেকার জনগোষ্ঠীকে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি এবং  ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালুর দাবি করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশীদ, আয়োজক কমিটির মুখপাত্র জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, তাজুল ইসলাম, মোস্তাফিজার রহমান, মনির হোসেন, কল্পনা আক্তার, তানিয়া আক্তার ও এমিলি আক্তারসহ প্রমুখ।

স্থানীয় প্রশাসন ও আয়োজকরা জানান, কুড়িগ্রাম জেলার ১২টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে ১১টি  ছিটমহলের লোকসংখ্যা সাড়ে ১২ হাজার। এর মধ্যে দাসিয়ারছড়ার  লোকসংখ্যাই ১১ হাজার। এ বিপুল জনগোষ্ঠির মধ্যে শিক্ষিত বেকার যুবক-যবতীদের সংখ্যা সহস্রাধিক এবং স্বাক্ষরজ্ঞান সম্পন্ন আরও প্রায় ৫ হাজার। এর মধ্যে ১২জন সরকারি চাকরীজীবী। এরা হলেন বিজিবিতে ৫জন, পুলিশে ৪জন, সেনাবাহিনীতে ২জন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন।