সারাদেশ ১২ অক্টোবর, ২০২২ ১১:৪১

গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোট স্থগিত ৪৩ কেন্দ্রের 

গাইবান্ধা জেলা প্রতিনিধি: অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে ৪৩ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষনা দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করে বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৪৩ কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে এসব কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট দিতে কেন্দ্রে আসেন ভোটাররা। তবে প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল।

গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে মিলে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।

আমাদের কাগজ//জেডআই