সারাদেশ ১৬ নভেম্বর, ২০২২ ১২:২১

সিলেটে ইলিয়াস পত্নীর গাড়ি ভাঙচুর

সিলেট প্রতিনিধি: বিএনপির গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে।

এদিকে প্রচারপত্র বিতরণকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ মিলন, উমরপুর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলামকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।

ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা অভিযোগ করে বলেন, পূর্ব নির্ধারিত প্রচারপত্র বিতরণ কর্মসূচি চলাকালে গোয়ালাবাজার এলাকায় পুলিশ এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিয়ে আমার ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পুলিশ এখন উল্টো বলছে, আমরা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছি।

এদিকে বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে গোয়ালাবাজারে যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গোয়ালাবাজার এলাকায় কেক কাটছিলেন যুবলীগের নেতাকর্মীরা। এসময় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস আলীর স্ত্রীকে সঙ্গে নিয়ে হামলা করলে আমাদের ছয় জন নেতাকর্মী আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার জন্য মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওসমানীনগরে প্রচারপত্র বিতরণ করতে যান ইলিয়াস পত্নী লুনা। এসময় শেরপুর থেকে দয়ামীর পর্যন্ত পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের বাধার মুখে পড়লে কর্মসূচি প্রায় পণ্ড হয়ে যায়।

ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুই জনকে আটক করেছি। যুবলীগ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে।


আমাদেরকাগজ/এইচএম