সারাদেশ ১৬ নভেম্বর, ২০২২ ০৩:১০

কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেয়া হবে না: কৃষিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি: ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনও রাষ্ট্রদূতের নাক গলানো আমরা মেনে নিতে পারি না। তাদের আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। ফলে দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেবো না।’ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেছেন।

মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে বুধবার (১৬ নভেম্বর) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। বিএনপিও নির্বাচনে আসবে। তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসাতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।’এছাড়া আরও বলেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কোনও দুর্ভিক্ষ হবে না, খাদ্য সংকট হবে না।’

এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কৃষিমন্ত্রী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে আয়োজিত কৃষি উদ্বাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন। 

আমাদের কাগজ//জেডআই