সারাদেশ ২০ নভেম্বর, ২০২২ ১০:৩৪

সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মীরেরহাট বটতল এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ সীতাকুণ্ড পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নুনাছড়া গ্রামের মদীন উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বটতল এলাকার একটি হোটেলে সন্ধ্যায় নাস্তা করছিলেন ইউসুফসহ কয়েকজন। এসময় ২০-২২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউসুফের ওপর হামলা চালায়।

ইউসুফকে তারা এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত অব্যাহত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আমাদেরকাগজ/এইচএম