সারাদেশ ২৬ নভেম্বর, ২০২২ ০৭:১৪

হাসপাতাল থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের তিনতলা ভবন থেকে লাফি দিয়ে মনোয়ার হোসেন (৪০) নামের এক রোগী আত্মহত্যা করেছেন।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডের সামনের বারান্দার তিন তলা থেকে লাফিয়ে পড়ে মারা যান তিনি।

মনোয়ার জেলার হালুয়াঘাট উপজেলার উয়াপাড়া এলাকার মো. শরিফ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপপরিচালক ডাক্তার ওয়ায়েজ উদ্দিন ফরাজি।

তিনি বলেন, মনোয়ার হোসেন ক্যানসারসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল। তবে কী কারণে তিনি লাফিয়ে আত্মহত্যা করেছেন বিষয়টি এখনো জানা যায়নি। এই ঘটনায় হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে মৃত্যুর মূল কারণ।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আমাদেরকাগজ/এইচএম