সারাদেশ ১ ডিসেম্বর, ২০২২ ০৯:২২

রংপুর সিটি নির্বাচন: ৩৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

রংপুর প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২৭৭ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে এদের মধ্যে কোনো মেয়র প্রার্থী নেই। যাচাই-বাছাইয়ে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমি হল রুমে দিনব্যাপী মনোয়নপত্র বাছাই কার্যক্রম শেষে রসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, হলফনামায় ত্রুটি থাকা, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয়ে ত্রুটি থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদের ৬৯ জনের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ প্রার্থীর মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করা হয়। যাচাই-বাছাইয়ের সকল প্রক্রিয়া শেষ করে সাধারণ কাউন্সিলর পদে ১৬৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে সকালে মনোনয়নপত্রে ত্রুটি না থাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস, খেলাফত মজলিস, জাকের পার্টি ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় বলেও জানান রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

আমাদেরকাগজ/এইচএম