সারাদেশ ৩ ডিসেম্বর, ২০২২ ০৩:২১

গাড়িচাপায় নারীর মৃত্যু: আসামি করে ভাইয়ের মামলা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রাইভেটকার চাপায় রুবিনা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় শাহাবাগ থানায় করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এর আগে শুক্রবার(২ ডিসেম্বর) রাতে নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে এই মামলা দায়ের করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামি করা হয়েছে প্রাইভেট কারের চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চাকরিচ্যুত সহকারী অধ্যাপক আজহার জাফর শাহকে। আজহার জাফর শাহ গণপিটুনি খেয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে রুবিনা আক্তারকে মেরে ফেলার ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২ ডিসেম্বর)বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে টেনে প্রায় এক কিলোমিটার নেওয়া প্রাইভেট কারটি চালাচ্ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজাহার জাফর শাহ। তখন গাড়িতে তিনি ছাড়া আর কেউ ছিলেন না।

চারুকলা অনুষদের সামনে জাফর শাহের প্রাইভেট কারের ধাক্কায় সামনের মোটরসাইকেল থেকে পড়ে যান ওই নারী।

প্রাইভেট কারটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করছিল, স্তম্ভিত পথচারীরা তখন দেখছিলেন- ওই গাড়ির নিচেই আটকে রয়েছেন শাড়ি পরা এক নারী। গাড়িটি থামানোর জন্য আশপাশের মানুষ চিৎকার করে ডাকছিলেন, সিগনাল দিচ্ছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। শেষে নীলক্ষেতের ফটকে গাড়ি আটকে গেলে ওই নারীর ক্ষতবিক্ষত লাশ বের করেন পথচারীরা। এ সময় আশপাশের লোকজন ঐ চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। 


আমাদের কাগজ/এম টি