সারাদেশ ৫ ডিসেম্বর, ২০২২ ১১:৪২

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে নদী পার হতে লাগছে দ্বিগুণ সময় এবং বেশ বিপাকেই পড়েছেন ফেরি কর্তৃপক্ষ। সোমবার (৫ ডিসেম্বর) সরেজমিন থেকে এ তথ্য পাওয়া যায়।

অনান্য সময় গুলোতে প্রতিটি ফেরি ঘাটে আসতে আধা ঘণ্টা সময় লাগলেও বর্তমানে নাব্যতা ও ডুবোচরের কারণে ফেরিগুলোকে ঘুরে আসতে সময় লাগছে এক ঘণ্টারও বেশি। এতে বেশি তেল পুড়তে হচ্ছে। সেই সাথে সময়ও বেশি লাগছে বলে দাবী জানিয়েছেন তারা।  

 

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,  বড় ফেরির জন্য অন্তত আট ফুট পানির গভীরতা প্রয়োজন। তবে পদ্মা নদীর বিভিন্ন চ্যানেলে ডুবোচর সৃষ্টি হওয়ায় বড় ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। অন্যদিকে নৌপথের নির্দিষ্ট চ্যানেল ছেড়ে বড় ফেরিগুলো দুই কিলোমিটার ঘুরে ভাটিপথ দিয়ে যানবাহন নিয়ে চলাচল করছে।এতে ফেরি পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে।

কুষ্টিয়া থেকে ঢাকাগামী ট্রাকচালক জাহিস হোদেন  বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এই রুটে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। ঘাটে আসলে সরাসরি ফেরির নাগাল পাওয়া যায়। কিন্তু এক মাস ধরে নদীতে পানি কমে যাওয়ায় নাব্য সংকট দেখা দিয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে ফেরির জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়া ফেরি কম থাকায় এ রুটে চলাচলকারী চালক ও সহকারীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের উপসহকারী প্রকৌশলী আক্কাছ আলী জানান, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বিভিন্ন পয়েন্টে একাধিক ড্রেজার দিয়ে দ্রুত খনন কাজ চলছে। খনন কাজ চলমান থাকলে ফেরি চলাচল ব্যাহত হবে না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন জানান, পদ্মা নদীতে পানি কমায় নদীর বিভিন্ন চ্যানেলে ডুবোচরের পাশাপাশি নাব্য সংকট দেখা দিয়েছে। এ কারণে নদী পার হতে স্বাভাবিকের থেকে দ্বিগুণ সময় লাগছে। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ পদ্মা নদীতে ড্রেজিংয়ের কাজ চলমান রেখেছে।

আমাদের কাগজ/এম টি