সারাদেশ ২১ ডিসেম্বর, ২০২২ ০৫:২৫

গুদামে আগুন, পুড়ল ৪ হাজার মণ পাট

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামে থাকা প্রায় চার হাজার মণ পাট পুড়ে গেছে। একই সঙ্গে পাশের তিনটি বাড়িও পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার, ২১ ডিসেম্বর দুপুরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় উপজেলার মহিমাগঞ্জ বাজারের আজাহার আলীর পাটগুদামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে হঠাৎ গুদামে আগুন লাগে। এ সময় আগুন মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। পাশের তিনটি বাড়িতেও আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত গুদাম মালিক আজাহার আলী জানান, বুধবার সকালে আমার গুদামে এ ঘটনা ঘটেছে। কীভাবে গুদামে আগুন লেগেছে সেটি এখনও জানি না। আমার কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমাদেরকাগজ/ এইচকে