সারাদেশ ২৫ ডিসেম্বর, ২০২২ ১২:৩২

বকশীগঞ্জে আ. লীগ সভাপতির বাসায় ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা, কাগজ কাগজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বকশীগঞ্জ পৌর শহরের নয়াপাড়ার বাসায় এ ঘটনা ঘটে। 

ঘটনা সূত্রে জানা যায়, ডাকাতদল বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের ছোট বোন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিউলী বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাত দল বাসার পিছনের গেটের তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। পরে দরজা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে। প্রথমে ডাকাত দল তার বৃদ্ধ মায়ের রুমে গিয়ে তার মাকে জিম্মি করে। মায়ের ডাক চিৎকারে অন্যরুম থেকে তারা তিন বোন ও কাজের মেয়ে মায়ের রুমে আসে। রুমে আসা মাত্রই ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাদের গলায় ও হাতে থাকা স্বর্ণের গহনা লুট করে। 

তিনি জানান, ৬ থেকে ৭ জন ডাকাত ভয়ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে রাখে এবং অন্য ডাকাত সদস্যরা প্রতিটি রুমে ঢুকে আলমারি, শোকেস ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ প্রায় ২০ লাখ টাকা, ৩ টি মোবাইল ফোন ও আনুমানিক প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ওই বাসায় প্রায় ঘণ্টাব্যাপী লুটপাট চালায় ডাকাত দল। 

ডাকাতরা চলে যাওয়ার পর বাসার লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন আসে। 

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান জানান, রাতে টহল ডিউটির দায়িত্ব পালনকালে ওসি তাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়েই সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত নয়াপাড়ায় পৌঁছেন তিনি। পুলিশ যাওয়ার আগেই ডাকাতদল পালিয়ে যায়।  

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে দ্রুত আরো পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জেনেছি। পুলিশ তৎপর রয়েছে। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  


আমাদের কাগজ/এমটি