সারাদেশ ২৭ ডিসেম্বর, ২০২২ ১১:১১

যাত্রী সেজে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দিনাজপুরের হিলিতে যাত্রী সেজে মফিজার রহমান (৬০) নামে এক চালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

অতপর' মৃত্যু নিশ্চিত করে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পরে স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশাটি জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় হাকিমপুর উপজেলার জামতলি আদিবাসী মিশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মফিজার রহমান হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন, সোমবার রাতে হিলি থেকে দুজন যাত্রী নিয়ে উপজেলার মনসাপুরের দিকে রওনা দেন মফিজার রহমান। পরে পৌরসভার জামতলি মিশন এলাকায় পৌঁছলে অটোরিকশায় থাকা যাত্রীরা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশাটি জব্দ করা হয়েছে। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুলিশের একটি টিম ছুরিকাঘাতে আহত চালক মফিজার রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমাদের কাগজ/এম টি