সারাদেশ ৩১ ডিসেম্বর, ২০২২ ১২:৪৯

থার্টি ফার্স্ট নাইটে যা করতে মানা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ইংরেজি বছরের শুরুর প্রথম ক্ষণ বা থার্টি ফার্স্ট নাইটে নগরের নিরাপত্তা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই দিন বাড়তি নিরাপত্তা মাথায় রেখে এ নির্দেশনা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না।

এ ছাড়া আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না।

ডিএমপি কমিশনার আরও বলেন, হাতিরঝিল এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। রাত ৮টার পর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

থার্টি ফার্স্ট নাইটে জঙ্গি হামলার কোনো হুমকি নেই জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, নিরাপত্তার স্বার্থে পোশাকে ও সাদা পোশাকে রাজধানীজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।

এসব নির্দেশনা পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে ডিএমপি।


আমাদের কাগজ/এম টি