সারাদেশ ১২ জানুয়ারি, ২০২৩ ০৮:৫২

ছেলের বাসায় বেড়াতে এসে সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ থেকে গাজীপুর এসেছিলেন ছেলের বাসায় বেড়াতে। কেইবা জানত এ বেড়ানো হবে শেষ বেড়ানো আর ফেরা হবে না, মা কদরজান বেগম (৬৫) এর  নিজ বাড়িতে। 

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে রান্না করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়।

নিহত নারী ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুমগাও গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে ছেলেরা বাড়ি থেকে কাজে বের হয়ে যান। পরে কদরজান সকাল ১০টার দিকে রান্না করতে গেলে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় আগুন পাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। পরে রান্নাঘর থেকে কদরজানের দগ্ধ মরদেহ উদ্ধার করেন।

গাজীপুর মহানগর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মা তিনদিন আগে ছেলেদের সঙ্গে দেখা করতে গাজীপুরে আসেন। সকালে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আমাদের কাগজ/এম টি