ডেস্ক রিপোর্ট।।
কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার দুই নেতা হলেন- কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু (৩৫) ও কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪০)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে মিজু ও শহরের হরিশংকরপুরের বাড়ি থেকে সুজনকে গ্রেফতার করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় ওই নেতারা গ্রেফতার হন। ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার আলামিন জোয়ার্দার নামের এক ব্যবসায়ী বাদী হয়ে শুক্রবার রাতে যুবলীগ নেতা মিজু ও সুজনসহ ৬ জনের নামে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। ওই মামলার আসামি ছাড়াও মিজু ও সুজনের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত জানান, চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
আটক দুই নেতাকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।





















