সারাদেশ ২২ জানুয়ারি, ২০২৩ ০৬:৩০

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধি: সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

সোমবার (২৩ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।

তিনি বলেন, ২০১৮ সালে অগ্নিসংযোগের একটি মামলায় আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে বারবার জামিন চাওয়া হলেও আদালত তাকে জামিন দিচ্ছেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপির মাধ্যমে জানানো হয়, আজ রোববার (২২ জানুয়ারি) তাকে জামিন না দিলে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে। এত কিছুর পরও আজ তাকে জামিন দেওয়া হয়নি। এ কারণে আমরা আগামীকাল সোমবার থেকে সিলেট জেলায় এবং আগামী মঙ্গলবার থেকে সমগ্র বিভাগে অনির্দিষ্টকালের জন্য সর্বস্তরের পরিবহন ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।

আমাদেরকাগজ/এইচএম