আমাদের কাগজ ডেস্কঃ সিলেট বিভাগজুড়ে ডাকা সোমবারের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা পরিবহন ঐক্য পরিষদ।
সোমবার (২৩ জানুয়ারি) সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে এ ধর্মঘট ডাকা হয়। তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকও।
জানা গেছে, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সভাপতি মইনুল ইসলাম জানান, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় রাজনের বারবার জামিন চাওয়া হলেও আদালত তাকে জামিন দিচ্ছেন না। এ কারণে আমরা বাধ্য হয়ে সোমবার (২৩ জানুয়ারি) থেকে সিলেট জেলায় ও মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে পুরো বিভাগে অনির্দিষ্টকালের জন্য সর্বস্তরের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়ে ছিল। তবে প্রশাসনের আশ্বাসে আজ সোমবার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আমাদের কাগজ/এমটি





















