নিজস্ব প্রতিবেদেকক : রাজশাহীতে খেজুরের কাঁচা রস পান করায় (নিপাহ ভাইরাস) আক্রান্ত হয়ে মো. সোয়াদ (৭) এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। সোমবার, ২৩ জানুয়ারি সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটির শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়।
মারা যাওয়া শিশুটির নাম মো. সোয়াদ (৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার মো. সানোয়ারের ছেলে। রামেক হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
রামেক হাসপাতাল সূত্র জানায়, সোয়াদ শুক্রবার, ২০ জানুয়ারি সকালে খেজুরের কাঁচা রস পান করেছিল । এরপর জ্বর ও খিঁচুনি হয়ে শিশুটি অচেতন হয়ে যায়। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। শনিবার, ২১ জানুয়ারি সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউতে রেফার করা হয়। পরে সন্দেহ হওয়ায় নিপাহ ভাইরাস শনাক্তে পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। রোববার ফলাফল পজিটিভ আসে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘খেজুরের কাঁচা রস পান করতে খুব মজা। এটা প্রায় সবারই পছন্দ। শিশুর বাবা-মা খুব শখ করেই খেজুরের কাঁচা রস পান করতে দিয়েছিলেন। তখন কি তারা জানতেন এটার মধ্যে এ মরণ ভাইরাস আছে?’
নিপাহ ভাইরাস থেকে বাঁচার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাদুড়ের সংস্পর্শে আসা খেজুরের রস অবশ্যই পান করবেন না। নিজ পরিচিত, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের দেবেন না।
এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর নিপাহ ভাইরাসে মৃত্যু হয়। ওই নারী গোদাগাড়ী উপজেলার মাটিকাটার বাসিন্দা।
আমাদেরকাগজ/ এইচকে





















