মানিকগঞ্জ প্রতিনিধি: ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন সম্ভব না।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্যে করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রত্যেকটা বিভাগে ও জেলায় সভা সমাবেশ করছে। ঢাকার রাস্তা ঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। আমরা বলেছি আপনারা করবেন, কিন্তু মানুষের কোনো অসুবিধা করে নয়। অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কোনো কাজ করবেন না। এটা হলে পুলিশ আইন প্রয়োগ করবে এটাই স্বাভাবিক।’
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘একটি সময় ডিজিটাল বাংলাদেশ কথা যখন প্রধানমন্ত্রী বলেছিলেন তখন অনেকেই এটাকে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।’
আমাদেরকাগজ/এইচএম





















