নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েদাবাদ এলাকায় তানিয়া আক্তার তিশা (১৮) এক তরুণীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার, ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার একটি বাসায় এই ঘটনাটি ঘটে। পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচ টায় তাকে মৃত ঘোষণা করেন। মৃত তিশা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। বর্তমানে সায়দাবাদ সরদার বাড়ি লেনের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতো।
নিহতের বড় ভাই রবিউল আলম জানান, ‘ঘটনার সময় মা তাসলিমা বেগম ও আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায়। তখন তিশার রুমে গিয়ে দেখি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সে। তিশা স্থানীয় আরকে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত মাসে সাগর নামে মরিশাস প্রবাসী এক ছেলের সঙ্গে মোবাইলে বিয়ে হয়। আমাদের ধারণা মোবাইলে স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ায় সে গলায় ফাঁস দিয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ওই তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
আমাদেরকাগজ/ এইচকে





















