সারাদেশ ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৪৪

মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

ডেস্ক রিপোর্ট ।।

মাদারীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে শ্যাম দাশ (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকার নারায়ণ বাড়ৈর সঙ্গে পুকুরের মাছ ধরা নিয়ে একই এলাকার তারক দাশের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে নারায়ণ বাড়ৈর লোকজন জীবন দাসের ছেলে শ্যাম দাশকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে তিনি গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে শ্যাম দাশকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পথেই মারা যান তিনি। পরে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।