নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে ঝুলন্ত অবস্থায় আলী আকবর (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার ২৭ ফেব্রুয়ারি ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিকেলে ইউনিয়নের উত্তর মজলিশপুর গ্রামে শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে সন্তান প্রসবের সময় আকবরের প্রথম স্ত্রী মারা যান। এরপর থেকে কিছুটা মানসিক কষ্টে ভুগছিলেন তিনি। গত শনিবার তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কিছুটা ঝগড়া হয়। পরে আকবরের সঙ্গে রাগ করে বাবার বাড়ি চলে যান তিনি। ঘর থেকে আকবরের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য লোকজন রোববার বিকেল ৪টার দিকে ডাকতে যান। এ সময় বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে দেখা যায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন আকবর। পরে সংবাদ পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন জানান, রোববার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
আমাদেরকাগজ/ এইচকে





















