আমাদের কাগজ ডেস্কঃ গাইবান্ধায় ভুট্টাখেতে জুয়ার আসর বসিয়ে ও অশ্লীল নৃত্যে অভিযোগে ৯ তরুণীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি গাইবান্ধার সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের দুর্গম চরে ঘটে বলে জানা গেছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, একই দিন ভোরে ওই ভুট্টাখেত থেকে তাদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম সোমবার ভোরে ওই ভুট্টাখেতে অভিযান চালিয়ে নয় তরুণীকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যান। পরে ১৬ মাস বয়সী একটি শিশুকেও উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, পটুয়াখালীর সাদিয়া বেগম, ময়মনসিংহের কালিকাপুর গ্রামের নাসিমা আকতার বৃষ্টি, স্বপনা বেগম, বগুড়ার লাভলী বেগম, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রুমা খাতুন, জয়পুরহাটের রোকসানা বেগম, সাভারের নার্গিস বেগম, রংপুরের সাদিয়া ইসলাম ও রাজবাড়ীর প্রিয়াংকা বেগম।
স্থানীয়দের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আটককৃত নয় তরুণী দেশের বিভিন্ন দুর্গম চরাঞ্চলে জুয়ার আসর বসাতেন। সেখানে পুরুষদের আকর্ষণ বা উপস্থিতি বাড়াতে অশ্লীল নৃত্য পরিবেশন করতেন তারা। এর পাশাপাশি তারা অসামাজিক কাজ করতেন। দূর-দূরান্ত থেকে বিভিন্ন ব্যক্তি ওই আসরে জুয়া খেলা ও ফূর্তি করার জন্য আসতেন।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে তোলা হবে। তবে সেখান থেকে সামিয়ানা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আমাদের কাগজ/এমটি





















