সারাদেশ ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৪৫

প্রাথমিকের ছাত্রীকে দফতরির ধর্ষণ

ডেস্ক রিপোর্ট ।।

ফরিদপুরের বোয়ালমারীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই স্কুলের দফতরি ও নৈশপ্রহরী মাহির হাসান বরকত ওরফে বরকত মোল্যার (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দিলে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় স্থানীয় দুই মাতব্বরকেও আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের পরমেশ্বর্দী গ্রামের কাউছার মোল্যার ছেলে পরমেশ্বর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী বরকত মোল্যা গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে একা পেয়ে মেয়েটিকে ফুসলিয়ে পাশের একটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ওইদিন রাতেই থানায় মামলা করতে চাইলে স্থানীয় মাতব্বর আইয়ুব খন্দকার ও আক্তার হাফেজ বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশের কথা বলে সময়ক্ষেপণ করেন। অবশেষে বিচার না পেয়ে ধর্ষকসহ ওই দুই মাতব্বরকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ভিকটিমের ফরেনসিক পরীক্ষা শেষে ফরিদপুর ৭নং আমলি আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান বলেন, থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।