চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামের একটি কারখানায় বিস্ফোরণে আন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করছি।
বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকা কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, এখন পর্যন্ত মেডিকেলে ১০-১৫ জন আসছে। পাঁচজন মারা গেছে। মৃত দেহ জরুরি বিভাগে আছে।
বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ক্যাজুলয়াটি ওয়ার্ডে ভর্তি করেন। তারা হলেন- মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান দাদা (৩৫), শাহরিয়ার (২৬), মো. জাহিদ হাসান (২৬)। এছাড়া নিহতের মধ্যে শামসুল আলম (৫০) ও অজ্ঞাত পুরুষ (৪০)। নিহত বাকি দুইজনের তথ্য এখনো জানা যায়নি।
আমাদেরকাগজ/এইচএম




















