আমাদের কাগজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের স্ত্রী সাদিয়া ইসলাম নিঝু (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চাষাঢ়া বালুর মাঠের পেছনে রেললাইনের পাশ থেকে নিঝুকে উদ্ধার করা হয়। পরে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিঝু প্রয়াত এমপি নাসিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী আলী হায়দার শামীমের মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ছাদ থেকে পড়ে সাদিয়া ইসলাম নিঝুর মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের প্রথম স্ত্রী। তিনি শহরে শান্তনা মার্কেটে ‘নিঝু বিউটি পারলার’ পরিচালনা করতেন।
নিঝুর পরিবার জানায়, শরীরের ওজন বেড়ে যাওয়ায় প্রায়ই ছাদে হাঁটাহাঁটি করতেন নিঝু। প্রতিদিনের মতো আজও ছাদে হাঁটতে যান। এর মধ্যে বাড়ির পেছনে হাঁকডাক শুনতে পেলে জানতে পারি নিঝু নাকি নিচে পড়ে গেছে। নিঝুর শরীর কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। শাহজালাল বাদল দ্বিতীয় বিয়ে করার পর থেকেই অবসাদে ভুগতেন।
এ বিষয়ে কাউন্সিলর শাহজালাল বাদল গণমাধ্যমকে বলেন, আমি প্রতিদিনের মতো আজকেও অফিসে কর্মরত ছিলাম। আমার শাশুড়ি হঠাৎ আমাকে ফোন করে বলেন নিঝু ছাদ থেকে পড়ে গেছে। আসার পরে আমার স্ত্রীর মরদেহ দেখলাম। শাশুড়ির কাছ থেকেই পুরো ঘটনা শুনলাম। পারিবারিক কোনো বিরোধ এখন নাই। চার-পাঁচ দিন আগেই আমার বাসায় ছিল সে। ওর পারলার এবং বাচ্চার স্কুল কাছে হওয়ায় এখানেই (ঘটনাস্থলের বাসা) বেশি থাকেন।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুজ্জামান বলেন, দুপুর ১২টা ৪৫ মিনেটের দিকে নিঝুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি শুনেছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে।
আমাদের কাগজ/এমটি





















