সারাদেশ ১১ মার্চ, ২০২৩ ১১:৫১

পুলিশের ওপর জেলেদের হামলা, আহত ১৬ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বরিশালে হিজলা উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ১৬জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া। 

শুক্রবার (১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।  জানা যায়, হিজলা উপজেলার মেঘনা নদীর সবুজ বয়া নামক স্থানে ঘটনাটি ঘটে।

ফাঁড়ির ডিউটি অফিসার এএসআই সাঈদ হোসেন জানান, হঠাৎ পুলিশের ওপর হামলা চালায় জেলেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দে, কনেস্টাবল জাকারিয়া ও নৌযানের মাঝিসহ ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। আহত সবাই চিকিৎসাধীন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, নৌ পুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তাসহ কয়েকটি টিম হিজলা উপজেলা মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালায়। নদীতে থাকা একটি জাল তুলতে গেলে আশপাশের কয়েকশো জেলে অভিযান চালানো টিমের ওপর হামলা করে।

তিনি জানান, হামলায় নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দে সহ কয়েকজন আহত হন। সবার চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 আমাদের কাগজ/এমটি