আমাদের কাগজ ডেস্কঃ বরিশালের উজিরপুরে স্ত্রীকে ভিডিও কলে রেখে রিফাত জোমাদ্দার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (১২ মার্চ) উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় ওই গ্রামের ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি।
নিহত ব্যক্তি হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাইশঘর গ্রামের ফোরকান জোমাদ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, বছর খানেক আগে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা ও বরিশাল নগরের ব্যবসায়ী আবুল হোসেন হাওলাদারের মেয়ে আসমা বেগমের (২০) সঙ্গে বিয়ে হয় রিফাত জোমাদ্দারের। আসমা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি কলেজের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। প্রতিষ্ঠানের হলে থেকেই পড়াশুনা করেন তিনি।
স্বামীর আত্মহত্যার বিষয়ে আসমা জানান, ‘রিফাতের সঙ্গে আমার শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় কথা হয়। রাতে রিফাত ভিডিও কলে আমাকে বলে, ‘তোমারে বিয়ের পর বাবা-মা কেউ ভালোবাসে না, এখন তুমিও আমাকে ভালোবাসো না’। রিফাত সবসময় বোরকা পরে চলাফেরা করতে বলতো। কিন্তু কিছুদিন আগে ফেসবুকে বোরকা ছাড়া ছবি আপলোড দেওয়ায় রাগ করে চার দিন ধরে আমার সঙ্গে ঠিক করে কথা বলতো না রিফাত। সবশেষ আমাকে ভিডিওতে কল দিয়ে কথা বলে আত্মহত্যা করল। রিফাত আত্মহত্যা করছে, বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তার বন্ধু রিয়াদ ও শাওনকে জানাই।’
স্বজনদের বরাতে মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, বোরকা না পরে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন রিফাতের স্ত্রী আসমা। এনিয়ে অভিমান করে শনিবার রাতে স্ত্রীকে ভিডিও কল দেন তিনি। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ওড়না দিয়ে ফাঁস লাগান রিফাত। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রোববার (১২ মার্চ) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আমাদের কাগজ/এমটি





















