সারাদেশ ১৩ মার্চ, ২০২৩ ১০:০১

বগুড়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, শিশুসহ নিহত ৩ 

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা।

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা।

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ সোমবার সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতেরা হলো নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশাচালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়া শহরে যাচ্ছিল। কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক-সহকারীসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত অপর ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা ও পিকআপ জব্দ করা হয়েছে।

 

আমাদের কাগজ/টিআর