সারাদেশ ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৫৪

সম্প্রীতি বাংলাদেশের কমিটি ঘোষণা, আহ্বায়ক পীযূষ ও সদস্য সচিব মামুন

ডেস্ক রিপোর্ট ।।

নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়কে আহ্বায়ক ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সদস্য সচিব করে ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সম্প্রীতি বাংলাদেশ। এছাড়া কমিটিতে ৭৫ জন নির্বাহী সদস্য ও ৫ জন যুগ্ম-আহ্বায়ক রাখা হয়েছে। আর ১২ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্যদের নাম পড়ে শোনান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। আর লিখিত বক্তব্য দেন আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
এ সময় তিনি বলেন, কমিটি এক বছর আগে গঠন করা হলেও অনেকেই সব সদস্যের নাম জানেন না। তাই কমিটির সদস্যদের নাম ঘোষণা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ঘোষিত কমিটির যুগ্ম-আহ্বায়করা হলেন- অ্যারোমা দত্ত এমপি, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, মো. নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) জন গোমেজ ও ডা. উত্তম কুমার বড়ুয়া।

আর ৭৫ সদস্যের নির্বাহী সদস্যদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তি রয়েছেন। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, শুদ্ধানন্দ মহাথেরো, মওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাহফুজা খানম, ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান এমপি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ড. আতিউর রহমান, প্রফেসর কামরুল হাসান খান, রামেন্দু মজুমদার, খায়রুল মজিদ মাহমুদ। পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্মনিরপেক্ষ চেতনার জাগরণের মাধ্যমে বিভাজন দূর করার প্রত্যয় নিয়ে ২০১৮ সালের ৭ জুলাই আত্মপ্রকাশ করে নতুন সংগঠন সম্প্রীতি বাংলাদেশ।

তিনি বলেন, আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। এই বছরটি সামনে রেখে সম্প্রীতি বাংলাদেশ এখন থেকেই বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক এই কর্মসূচি শুরু হয়েছে ২ জুলাই ঢাকা থেকে। এরপর আমরা ঢাকার বাইরে এ কর্মসূচি শুরু করেছি।

জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তা শুরু হয়েছে। এরই মধ্যে গোপালগঞ্জে তিনটি, বাগেরহাটে তিনটি ও রাজশাহীতে চারটি আলোচনা সভা করেছে সম্প্রীতি বাংলাদেশ। আলোচনা সভা অব্যাহত থাকবে।