আমাদের কাগজ ডেস্কঃ পরিবারের আলোচনার মাধ্যমে বিয়ে। নববধূর আবদার রাখতে বিয়ে করে হেলিকপ্টারে বাড়ি নিয়ে এলেন খুলনার চিকিৎসক শেখ তাওহীদ ইসলাম।বৃহস্পতিবার (১৬ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর মহল্লায় বিস্মিতকর বিয়ের আয়োজন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার নিজাম উদ্দিন ভূঁইয়া ও আকলিমা আক্তারের বড় মেয়ে শান্তা ইসলামের সঙ্গে খুলনা ফুলতলার দামোদন উত্তরপাড়া গ্রামের শেখ দ্বীন মুহাম্মদ ও সেলিনা খাতুনের ছেলে শেখ তাওহীদ ইসলামের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার গাড়িতে চেপে প্রায় দেড় শতাধিক বরযাত্রী আসেন গৌরনদীতে। বর আসেন হেলিকপ্টারে। সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে হেলিকপ্টারটি নামলে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন।
বর তাওহীদ ইসলাম, বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। আর কনে ঢাকা মহানগরীর এম এইচ শমরিতা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।
হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা তাওহীদ ইসলাম বলেন, উভয় পরিবারের আলোচনার মাধ্যমে বিয়ে ঠিক হওয়ার পর শান্তা ইসলাম তার কাছে হেলিকপ্টারে চড়ে স্বামীর বাড়িতে যাওয়ার আবদার করেন। স্ত্রীর শখ পূরণ ও আবদার রাখতে হেলিকপ্টার ভাড়া করে তাকে বাড়িতে নিয়ে যান তিনি।
শান্তা ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি খুবই আনন্দিত। নতুন জীবনের শুরুতেই ও আমার মনের আশা পূরণ করেছে।
আমাদের কাগজ /এমটি




















