সারাদেশ ১৯ মার্চ, ২০২৩ ০৮:০৬

বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে রনি ঢালী (১৭) নামে এক কিশোরের নিহতের ঘটনা ঘটেছে।  ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু (১৭) পলাতক রয়েছে বলে জানা গেছে । শনিবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে জেলা সদর উপজেলার বিয়াল্লিশহর মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম নিশ্চিত করেছে।  

নিহত রনি জেলা শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রনির সঙ্গে রাজুর কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে শনিবার রাতে বিয়াল্লিশহর এলাকায় রনিকে একা পেয়ে ছুরিকাঘাত করে রাজু। স্থানীয়রা রনিকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই রাজু পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের কাগজ /এমটি