আমাদের কাগজ ডেস্কঃ বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কার কাজ শেষ হয়েছে। বিমানবন্দরে এখন থেকে ২৪ ঘণ্টাই ফ্লাইট চালু থাকবে।
এর আগে, রানওয়ের সংস্কার কাজের জন্য গত ৩ ফেব্রুয়ারি থেকে রাতে ৫ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (১ এপ্রিল)হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার কাজ শেষ হয়েছে।
এ কারণে এদিন দিবাগত রাত থেকে ফের ২৪ ঘণ্টা চালু থাকবে বিমানবন্দর। এ বিষয়ে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, গতকাল শনিবার থেকে রাতে ফ্লাইট চলাচলের কথা জানানো হয়েছে।
জানা যায়, দেশের ৪ বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি-২ উন্নীত করার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই অংশ হিসেবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের (আইএলএস) জন্য রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কার শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি।
আরও জানা যায়, সংস্কার কাজের জন্য প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়ে নোটাম জারি করে কর্তৃপক্ষ। এ সময়ে ফ্লাইটগুলোকে দিনের অন্য সময়ে স্থানান্তর করা হয়।
আমাদের কাগজ/এমটি



















