আমাদের কাগজ ডেস্কঃ বরিশাল গৌরনদীতে বোরোখেতে স্বামীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ স্ত্রী রাশিদা বেগম (৫০) এর মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায়, আহম্মেদকাঠী গ্রামে কৃষক সোহরাব মীরের স্ত্রী তিনি। দুর্ঘটনাবশত ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) রাতে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে সোহরাব মীর তার বাড়ির পাশে বোরোখেতের ধান ইঁদুরের হাত থেকে রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। পরে বুধবার সকালে তার স্ত্রী ওই খেতের পাশে সবজি আনতে গেলে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
এ সময় স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আমাদের কাগজ/এমটি




















