আমাদের কাগজ ডেস্কঃ মানিকগঞ্জের সিংগাইরে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই রোমানের বিরুদ্ধে। রোববার (৯ এপ্রিল) মধ্য রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম আবু রায়হানকে (২৭)। ফকিরপাড়া গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান ফকিরের তিন ছেলে। বছরখানেক আগে মেজো ছেলে রোমান প্রেম করে বিয়ে করেন। পরিবারের কেউ তার এই বিয়ে মেনে না নেওয়ায় বিষয়টি নিয়ে কলহ চলছিল।
অন্য দিনের মতো গতকাল রাতে তিন ভাই একই খাটে ঘুমান। আবু রায়হান ও জামাল ঘুমিয়ে পড়লে রোমান ধারালো অস্ত্র দিয়ে বড় ভাইয়ের গলা কাটে। রায়হানের গোঙ্গানিতে ঘুম ভাঙে ছোট ভাই জামালের। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে তাদের বাবা শাহজাহান ফকির এগিয়ে আসলে রোমান দৌঁড়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত রোমানকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আমাদের কাগজ/এমটি




















